ধূমকেতু প্রতিবেদক, বাঘা : জনকল্যাণে যারা ভালো কাজ করেন, জনগণ তাদের মনে রাখেন, তাদের সঠিক মূল্যায়ন করেন। যারা ভালো কাজে করে না, মানুষ তাদের মূল্যায়ন করে না। দেশের কল্যাণে কাজ করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মানুষের পাশাপাশি সারা বিশ্বের মানুষ মূল্যায়ন এবং সম্মান করেন।
রোববার (২ এপ্রিল) সকাল ১০টায় রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী চকসিংগা গ্রামের বাড়িতে দরিদ্র ও অসহায়দের মাঝে অটোভ্যান এবং চেক বিতরণ কালে এসব কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি (বাঘা-চারঘাট)।
জানা যায়, প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১৪ জনকে ৫০ হাজার টাকার চেক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমএমপি’র নিজস্ব তহবিল থেকে ৫ জনকে অটোভ্যান প্রদান করা হয়।
অটোভ্যান পেয়ে আড়ানী পৌর এলাকার গোচর গ্রামের উকিল উদ্দিন হাসি-খুশিতে বলেন, আমি অত্যান্ত দরিদ্র মানুষ। মাঠে কৃষি কাজ করে সংসার চালায়। বর্তমানে মাঠে কাজ করতে পারিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে একটি ভ্যানের জন্য আবেদন করেছিলাম। সেই আবেদনে সাড়া দিয়ে আমাকে একটি অটোভ্যান দিলেন। আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জন্য দোয়া করি তিনি যেন এভাবে দেশের ও দরিদ্র মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, ওসি খায়রুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম, আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পি, আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।


