ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার (০৮ আগস্ট) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে রাজশাহী কলেজ।
কর্মসূচির মধ্যে ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত। সকাল ১০ টায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমÐলী, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহিদ এ এইচ এম কামারুজ্জামান ভবনের ১০১ নং কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক। অনুষ্ঠানে কলেজের সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর জীবন ও অবদান সম্পর্কে আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল মতিন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মহান স্বাধীনতা যুদ্ধ ও জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জাতির পিতা’ হয়ে ওঠার পেছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর অবদান অনস্বীকার্য। জাতির পিতা জেলখানায় বন্দি থাকা কালে তিনি নেত্রীবৃন্দকে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও আর্থিক সহায়তা প্রদান করতেন। তরুণ প্রজন্ম তথা শিক্ষার্থীদের তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
পরিশেষে আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের অধ্যাপক ড. আবু সাঈদ নূরুল ইসলাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।


