ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘার নারায়নপুর বাজারের এক চা’ল ব্যবসায়ীর দোকানের ড্রয়ার ভেঙ্গে ৭৫ (পঁচাত্তর) হাজার টাকা চুরি করে পালিয়েছে অজ্ঞাত এক যুবক।
সোমবার দুপুর পৌণে ২ টার দিকে চাউল ব্যবসায়ী মজিবর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
চাউল ব্যবসায়ী মজিবুর রহমান জানান, তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাজার মসজিদে জোহরের নামাজে যান। নামাজ শেষে ব্যবসা প্রতিষ্ঠান খুলেন। এ সময় একজন ক্রেতা আসেন চা’ল কেনার জন্য। তাকে চা’ল দেখানোর জন্য ব্যবসা প্রতিষ্ঠানের ওই দোকান খোলা রেখে পাশের আরেকটি চা’লের গোডউনে যান তিনি। এর ফাঁকে খোলা ব্যবসা প্রতিষ্ঠানের ড্রয়ার ভেঙ্গে ৭৫ হাজার টাকা চুরি করে পালিয়ে যাই ওই যুবক। অজ্ঞাত ওই যুবকের গায়ে সাদা গেঞ্জি ও পরণে প্যান্ট পরা ছিল। পরে তাকে ধাওয়া করে পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় অভিযোগ করবেন বলে জানান তিনি।
বাজার কমিটির সভাপতি এমদাদুল হক সুন্টু জানান,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবরটি জেনেছি। ব্যবসায়ীর সাথে কথা বলে দেখি কি ব্যবস্থা নেওয়া যায় । তবে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন বাজার কমিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।


