ধূমকেতু প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাণী দিয়েছেন বাংলাদেশ ডেমোক্রেটিক এলায়েন্স’র (বিডিএ) প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক শাহাব উদ্দিন বাচ্চু। শনিবার (১৪ আগস্ট) এক বাণীতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
বাণীতে বলেন, বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর দিন ১৫ আগস্ট। আমি এ দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের। ১৯৭৫ সালের এদিনে ঘাতকচক্রের হাতে ধানমন্ডির নিজ বাসভবনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ হন। একই সাথে শহীদ হন বঙ্গবন্ধুর সহধর্মিণী ফজিলাতুন নেছা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেলসহ আরো অনেকে। এমন নৃশংস হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল।
শোক বাণীতে বলেন, ১৫ আগস্টে কেবল একজন রাষ্ট্রনায়ককে নৃশংসভাবে হত্যা করা হয়নি বরং ধূলিসাৎ করার চেষ্টা হয়েছে সদ্য স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্নকেও।
তিনি বলেন, আমাদের জাতীয় ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম। বঙ্গবন্ধু ছিলেন জাতীয় ঐক্য, প্রেরণা ও স্বাধীনতার মূর্ত প্রতীক, বাঙালি জাতির স্বপ্নের রূপকার। তার ইস্পাত কঠিন নেতৃত্ব বাঙালি জাতিকে দিয়েছে অধিকার আদায়ের প্রেরণা। তারই নেতৃত্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে স্বাধীন হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি। এ স্বাধীনতা অর্জনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান আমরা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করব।
বিডিএ আহ্বায়ক গভীর শ্রদ্ধায় জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবারের শহীদ সদস্যদের স্মৃতির প্রতি। পরম করুনাময় আল্লাহর দরবারে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।


