ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে কোটি টাকার হেরোইনসহ চিহিৃত মাদক কারবারি মনিরুল ইসলাম জনি (৩২) কে আটক করেছে র্যাব-৫।
শনিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছী বটতলা এলাকা থেকে তাকে এক কেজি হেরোইনসহ আটক করা হয়েছে।
আটককৃত মনিরুল ইসলাম জনি উপজেলার নতুনপাড়া গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে।
জানা যায়, মাদক বিক্রির উদ্দেশ্যে নন্দনগাছী বটতলা মোড়ে অবস্থান করছিলেন মনিরুল ইসলাম জনি নামের এক মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই মাদক কারবারি কৌশলে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার ডান হাত থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাসি করে ১০ প্যাকেটে এক কেজি হেরোইনসহ তাকে আটক করে। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুল ইসলাম র্যাবকে জানায়, দীর্ঘ দিন ধরেই সে হেরোইন সংগ্রহ করে চারঘাটসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এই এক কেজি হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখে সেখানে অবস্থান করছিল সে। র্যাবের পক্ষ থেকে আটককৃত মনিরুল ইসলামের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মামলা করা হয়েছে।


