ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন-২০২১ এর ভোটগ্রহণ শুরু হয়েছে রাজশাহীতে।
শনিবার সকাল ৯টা থেকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে একটানা বিকেল ৫টা পর্যন্ত। এবার ঢাকাসহ সারাদেশে ১০ অঙ্গ ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ চলছে।
নির্বাচনে রাজশাহীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সহ সভাপতি পদে শিবলী নোমান, যুগ্ম মহাসচিব পদে জাবিদ অপু ও রাশেদ ইবনে ওবায়েদ, কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে আসাদুজ্জামান আসাদ, বদরুল হাসান লিটন ও শরীফ সুমন। তবে রাজশাহীতে যুগ্ম মহাসচিব পদে সৌরভ হাবিব প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনের আগে তিনি প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
এবারের নির্বাচনে রাজশাহীতে মোট ভোটার সংখ্যা ৬৭ জন। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী গিয়াস ও তৈয়বুর রহমান।


