ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় রাতের আধাঁরে দুটি পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে পুকুর দুটিতে থাকা প্রায় আড়াই লাখ টাকার মাছ ধ্বংস হয়।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার রামজীবনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুকুর মালিক সামিরুল ইসলাম বলেন, গতরাতে আমার নিজের দেড় বিঘা পুকুর ও প্রতিবেশী বাবুল হোসেনের এক বিঘা পুকুরে কেবা কাহারা বিষ প্রয়োগ করে। এতে দুটি পুকুরে থাকা প্রায় আড়াই লাখ টাকা মূল্যের বিভিন্ন মাছ মরে গেছে।
পুঠিয়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ভুক্তভোগিরা আমার কাছে এসে ছিলেন। আমি তাদের থানা পুলিশে অভিযোগ করতে বলেছি।
সোহরাওয়াদী হোসেন বলেন, পুকুরে বিষ ঢেলে মাছ হত্যার এমন কোনো অভিযোগ এখনো থানায় আসেনি। অভিযোগ পেলে অব্যশই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


