ধূমকেতু প্রতিবেদক : ‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি ও শৃঙ্ক্ষলা সর্বত্র’ এই স্লোগানকে সামনে রেখে নগরীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় নগরীর আলুপট্টি মোড়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালি শেষে মহানগরীর বিভিন্ন পেশাজীবীর মানুষদের সাথে নিয়ে বিভিন্ন রঙের বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ এর উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
উদ্বোধন শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার উপহার হিসেবে প্রদান করা হয়। এরপর রাজশাহী কলেজ অডিটরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্প্রীতি সমাবেশে বক্তব্য প্রদান করেন উক্ত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর “স্বপ্নের সোনার বাংলা” গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষে এগিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, “রাজশাহী মহানগরবাসী নিরাপদ থাকবে আমরা আপনাদের নিরাপত্তা দিবো” রাজশাহী মহানগর এলাকাকে কিশোর অপরাধ, ইভটিজিং, টিকটক/লাইকি, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়াও তিনি রাজশাহী মহানগরবাসীকে সাথে নিয়ে মহানগরীকে মাদকমুক্ত করার শপথ গ্রহণ করেন।
পরবর্তীতে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরও তরান্বিত ও উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি বিভাগের সেরা কমিউনিটি পুলিশিং অফিসার ও সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করেন।


