IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> টপ নিউজ >> লিড নিউজ >> বাইরে তালা ভেতরে কোচিং বাণিজ্য

বাইরে তালা ভেতরে কোচিং বাণিজ্য

ধূমকেতু প্রতিবেদক : সারাদেশের ন্যায় রাজশাহীতেও কবে নাগাদ খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান তার কোনো ঠিক নেই। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান না খুললেও প্রাইভেট কোচিং সেন্টারগুলো খোলা শুরু হয়েছে। অনেকটা গোপনীয়তা অবলম্বন করে কোচিং সেন্টার মালিকরা শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। কোচিং সেন্টারের বাইরে তালা লাগিয়ে ভেতরে দেদারসে চলছে ক্লাস। বোঝার উপায় নেই যে কোচিং সেন্টার খোলা রয়েছে। এছাড়াও নগরীর আনাচে কানাচে কোচিংয়ে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তির পোষ্টার সাটানো হয়েছে। শিক্ষার্থীদের আকর্ষণ করার জন্য বিশেষ ছাড়ে শিক্ষার্থী ভর্তি ও কোচিং করার কথা লিখা রয়েছে এসকল পোষ্টারে। ক্লাস নেয়া কোচিং সেন্টারগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব এবং সরকারী বিধিনিষেধ। তবে জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে এ ব্যাপারে এখনো কোনো ধরণের তথ্য তাদের কাছে নেই। তথ্য পেলে ক্লাস নেয়া কোচিং সেন্টারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে রাজশাহী নগরীর হেতেমখান, সাহেববাজার জিরোপয়েন্ট, লোকনাথ স্কুলের চারপাশ, বহরমপুর, কাদিরগঞ্জ, বিনোদপুর, উপশহরসহ বেশ কিছু এলাকায় রয়েছে কোচিং সেন্টার। করোনার কারণে দীর্ঘ প্রায় ৮ মাস থেকে এসব কোচিং সেন্টার বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ভর্তি কার্যক্রম। স্কুল কলেজের সাথে সরকার এসব কোচিং সেন্টার বন্ধ করে রেখেছেন। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান না খুললেও খোলা হচ্ছে কোচিং সেন্টার। রীতিমত বেশ কিছু কোচিং সেন্টারে চলছে ক্লাস পরীক্ষাও।

দেখা গেছে, সোনাদিঘি ও লোকনাথ স্কুলের আশপাশের কোচিং সেন্টারের সামনে তালা ঝুলানো রয়েছে। কিন্তু ভেতরে চলেছে ক্লাস। এসএসসি থেকে শুরু করে এইচএসসির শিক্ষার্থীরা এসব কোচিং সেন্টারে ক্লাস করছে। বিশেষ করে এক শ্রেণির অভিভাবকরা ঝুঁকি জেনেও তাদের সন্তানদের কোচিং সেন্টারে পড়াশোনার জন্য পাঠাচ্ছেন। এতে চরম ঝুঁকির মধ্যে পড়ছে শিশু শিক্ষার্থীরা। কাদিরগঞ্জ এলাকায় চার থেকে পাঁচটি কোচিং সেন্টার খোলা হয়েছে চলতি মাসের শুরুর দিকে। বিশেষ ছাড়ে শিক্ষার্থী ভর্তি ও কম খরচে ক্লাস করার কথা বলে কোচিং সেন্টারের মালিকরা সরকারী বিধিনিষেধ উপক্ষো করে তাদের কার্যক্রম শুরু করেছেন। সিটি কলেজের দক্ষিণপাশে রয়েছে দ’ুটি কোচিং সেন্টার। এই দুই কোচিং সেন্টার খোলা হয়েছে গত অক্টোবর মাসে। গত মাস থেকেই শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা নেয়া হচ্ছে।

জানা যায়, শিক্ষার্থীরাও এক ধরণের কৌশল অবলম্বন করে কোচিং সেন্টারে আসছে। সারিবদ্ধ ভাবে শিক্ষার্থীরা কোচিং সেন্টারে গেলেও কৌশলে একজন দু’জন করে কোচিং সেন্টারে প্রবেশ করে। এক সাথে একই রুমে ১৫ থেকে ২০ জন করে শিক্ষার্থীদের নেয়া হচ্ছে ক্লাস। আবার বাইরে যাওয়ার সময়ও একজন দ’ুজন করে শিক্ষার্থীদের বের করে দিচ্ছে কোচিং সেন্টার কর্তৃপক্ষ। না দেখলে বোঝার উপায় নেই যে, শিক্ষার্থীরা কোচিং সেন্টার থেকে ক্লাস করে বের হচ্ছে। বিকেল হলেই হেতেমখা, লোকনাথ স্কুলের আশপাশ ও জিরোপয়েন্ট এলাকায় শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করা যায়। আর এসব শিক্ষার্থীরা মূলত কোচিং করার জন্যই বাইরে বের হয়। নগরীর মহরমপুর মোড় এলাকায় রয়েছে কয়েকটি কোচিং সেন্টার। এসব কোচিং সেন্টারও খোলা হয়েছে প্রায় মাস খানের আগে। ফেসবুক, মোবাইল ফোনে যোগাযোগ করে আনা হচ্ছে শিক্ষার্থীদের।

এদিকে, গত কয়েকদিন থেকে কাদিরগঞ্জ এলাকার দেয়ালে দেয়ালে, রাস্তার ল্যাম্পপোস্টগুলোতে, দোকানপাটগুলোতে কিছু কোচিং সেন্টারের পক্ষে নতুন করে ভর্তি ও ক্লাস শুরু হচ্ছে বলে পোষ্টার সাটানো হয়েছে। পোস্টারে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়ের অফার দেয়া হয়েছে। এছাড়াও ফ্রি ক্লাস করার জন্য পোস্টারে লেখা রয়েছে। দেখা গেছে কাদিরগঞ্জ এলাকার মহিলা কলেজের আশপাশে বেশ কিছু কোচিং সেন্টারে খোলা মেলা ভাবেই শিক্ষার্থীদের কোচিং করানো হচ্ছে। শিক্ষার্থীরাও অনেকটা স্বাচ্ছন্দভাবেই কোচিং করছে। স্বাভাবিক দিনের মতই চালানো হচ্ছে কোচিং সেন্টারগুলো।

নাম না প্রকাশ করার শর্তে মালোপাড়ার এক কোচিং সেন্টার থেকে বের হওয়া নাহিদুল ইসলাম নামে এসএসসি পরীক্ষার্থী জানান, বাসা থেকেই তাকে কোচিং করার জন্য বলা হয়েছে। এই কোচিং সেন্টারে সে আগেও পড়তো। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে কোচিং সেন্টারের মালিক ফোন করে জানিয়েছেন যে, আবারো কোচিং শুরু হয়েছে অল্প বেতনে ক্লাস করানো হচ্ছে। যার কারণে বাবা মায়ের নির্দেশেই সে প্রতিদিন কোচিংয়ে আসছে।

কোচিং সেন্টার থেকে একা বের হওয়া প্রসঙ্গে নাহিদ জানায়, ভেতরে আরো ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী রয়েছে। এক সাথে বের হওয়া নিষেধ তাই পেছনের দরজা দিয়ে কিছু, আর সামনের দরজা দিয়ে কিছু শিক্ষার্থী বের হয়ে আসছে।

অপর শিক্ষার্থী জান্নাতুল জানান, হয়তো তাদের কোচিং করা ঠিক হচ্ছে না। কারণ ভেতরে সামাজিক দূরত্ব বা সরকারী বিধিনিষেধ বলে কিছু নেই। একই বেঞ্চে ৪ থেকে ৫ জন করে বসিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেয়া হচ্ছে। এতে স্বাস্থ্যবিধির বিষয়টি ঠিক থাকছে না। বাসা থেকে পড়ার অনুমতি দেয়া হয়েছে বলে সে কোচিং করছে বলেও জানায়।

বিষয়টি নিয়ে কাদিরগঞ্জ এলাকার কোচিং সেন্টারের এক পরিচালক জানান, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। উপায় না পেয়ে আমাদের গোপনীয়তা অবলম্বন করে কোচিং করাতে হচ্ছে।

তিনি বলেন, গোপনীয়তা অবলম্বন করে শিক্ষার্থীদের ক্লাস করানো হলেও স্বাস্থ্যবিধির বিষয়টি আগেই গুরুত্ব দেয়া হচ্ছে। এক ব্যঞ্চে দু’জনের বেশি শিক্ষার্থী রাখা হচ্ছে না। দিনে তিন থেকে চারটি ব্যাচ পড়ানো হচ্ছে। এতে কিছু না হলেও কোচিং এর ঘর ভাড়া ও শিক্ষকদের বেতন হবে বলেও তিনি মন্তব্য করেন।

জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, বিষয়টি আমাদের জানা নেই। তবে খোঁজ নিয়ে কোচিং পরিচালনা করা মালিক ও পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি মন্তব্য করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31