ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর তানোর পৌর এলাকার সীমান্তবর্তী বিলে নিখোঁজের ৮ দিন পর মৎস্যজীবি সঞ্জিত (৩৫) নামের যুবকের লাশ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম বাদশাহ্ ও তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম।
রোববার (১৬ জুলাই) দুপুরের পরে কালিগঞ্জ মাসিন্দা হালদার পাড়া বিল ও মোহনপুর সীমানা থেকে উদ্ধারের ঘটনা ঘটে। এঘটনায় এলাকাজুড়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সঞ্জিতের বাড়ি কালিগঞ্জ মাসিন্দা হালদার পাড়া গ্রামের বিষ্ণুপদ এর ছেলে।
তানোর থানার ওসি আব্দুর রহিম ঘটনার সত্যতা শিকার করে বলেন, তার পরিবারের লোক গত ৮ জুলাই সঞ্জিত নিখোঁজ আছে বলে থানায় একটি জিডি করেন। এরপর থেকে পুলিশ নানাভাবে নিখোঁজ সঞ্জিতকে উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে কোন খোঁজ পাননি। রোববার দুপুরের দিকে সঞ্জিতের লাশ বিলে ভাঁসতে দেখে এলাকার লোকজন ফোন করেন। সাথে সাথে দুই থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে। কিন্তু যে জায়গায় লাশ ছিল সেটি মোহনপুর সীমানার মধ্যে পড়ায় লাশ মোহনপুর থানায় রয়েছে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম বাদশাহ্ জানান, লাশ বিলের পানিতে ভাঁসতে দেখে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি কেউ মেরে বিলে ভাসিয়ে দিয়েছেন জানতে চাইলে তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা।


