ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরীর প্রাণকেন্দ্রে সোনাদিঘীর পাড়ে অবস্থিত জেলা পরিষদের মালিকানাধীন ‘ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউট, রাজশাহী’ এর পুরাতন ভবনে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে বীরমুক্তিযোদ্ধা ও রাজশাহী বাসীর দাবীর প্রেক্ষিতে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় জেলা পরিষদ সভাকক্ষে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান নাঈমুল হুদা রানা, রবিউল আলম, নারগীস বিবি; সদস্য গোলাম মোস্তফা, মোফাজ্জল হোসেন, সফিকুল ইসলাম, আব্দুল মান্নান ফিরোজ, আবু জাফর প্রাং, আসাদুজ্জামান (মাসুদ), আজিবুর রহমান, নূর মোহাম্মদ; সংরক্ষিত সদস্য কৃষ্ণাদেবী, শিউলী রাণী সাহা, রাবিয়া খাতুন, জয় জয়ন্তি সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রকৌশলীসহ সংশ্লিষ্টগন উপস্থিত ছিলেন।
রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র সোনাদিঘীর পাড়ে একটি দৃষ্টি নন্দন শহীদ মিনার নির্মাণে জনগণের দাবি এবং রাজশাহী-২ সদও আসেনর সাংসদ ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের প্রত্যাশার বিষয়টি গুরুত্বসহ সভায় আলোচনা ও পর্যালোচনা করা হয়। সার্বিক পর্যালোচনা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ সোনাদিঘীর পাড়ে রাজশাহী জেলার কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারটি রাজশাহী জেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় ও অর্থায়নে নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। নগরীর সোনাদিঘী পাড়ে কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপনের প্রশাসনিক অনুমোদন গ্রহণ এবং শহীদ মিনার নির্মাণের লক্ষে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার বিভাগে শ্রীঘ্রই পত্র প্রেরণ করা হবে মর্মেও সিদ্ধান্ত গৃহীত হয়।


