ধূমকেতু নিউজ ডেস্ক : মহাসড়কে অবৈধ স্থাপনা নির্মাণে দুই বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘মহাসড়ক আইন, ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
খসড়া আইন অনুযায়ী, মহাসড়কের পাশে অবকাঠামো নির্মাণ করলে, ফসল, খর বা পণ্য শুকাতে দিলে, ক্রসিং এরিয়া বাদে অন্য জায়গা দিয়ে হাঁটলে এক থেকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, ‘অধিদফতরের বিনা অনুমতিতে বিলবোর্ড, সাইনবোর্ড, তোরণ বা এ ধরনের কিছু মহাসড়কে টাঙালে এবং ধীরগতির যানবাহনগুলো নির্ধারিত লেন ছাড়া মহাসড়কে উঠলে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে।’
এছাড়া যদি কেউ মহাসড়কের সংরক্ষণ রেখার মধ্যে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে তাহলে সে দুই বছরের কারাদণ্ড বা স্থায়ী স্থাপনার ক্ষেত্রে পাঁচ লাখ টাকা আর অস্থায়ী স্থাপনার ক্ষেত্রে অনধিক ৫০ হাজার টাকা দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, ‘১৯২৫ সালের হাইওয়ে অ্যাক্ট রহিত করে মহাসড়ক, নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা এবং অবাধ, সুশৃঙ্খল ও নিরাপদ যান চলাচলের জন্য নতুন আইন করা হচ্ছে। মহাসড়কের ক্ষতি কমিয়ে সড়কে স্থায়িত্ব নিশ্চিত করা এবং যানবাহন চলাচলের গতিশীলতা নিশ্চিত করতে ওভারলোড নিয়ন্ত্রণ করা হবে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মহাসড়কের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে কত স্প্রিডে গাড়ি চলতে পারবে। সেক্ষেত্রে আমরা যদি নিয়ন্ত্রণ না করি এবং ফ্যাসিলিটিজ মানুষকে না দেই তাহলে এই মহাসড়ক ব্যবস্থা ঠিকভাবে চালানো সম্ভব হবে না। মহাসড়কের মাঝেমাঝে আন্ডারপাস করা হবে, সেখান দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্রসহ সিএনজি, রিকশা চলাচল করতে পারবে। সব জায়গায় আন্ডারপাসের ব্যবস্থা থাকবে না, সেক্ষেত্রে ওভারপাসের ব্যবস্থা রাখতে হবে।’
মহাসড়কের দুই পাশে সড়ক থাকবে তাই বৃষ্টির পানি বা যেকোনো পানি যেন পরিষ্কার হয়ে যায় সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘রোডের পাশে যেসব গাছ লাগানো উচিত সেসব গাছ যেন লাগাতে হবে। কড়ই গাছ রাস্তার পাশে লাগালে ডালপালা সড়কে চলে আসে। সড়কে ডালপালা না আসে সে ধরনের গাছ লাগাতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।’
তিনি বলেন, ‘প্রত্যেক মহাসড়কে লজিক্যাল দূরত্বে ফুয়েল স্টেশন ও মানুষের রিক্রিয়েশন বিশেষ করে লং ড্রাইভে যাওয়া ট্রাকচালকদের জন্য বিশ্রামের কক্ষ রাখতে হবে। সড়ক ও জনপথ বিভাগ এসব স্থাপনা করতে জায়গা নির্ধারণ করেছে। হাইওয়ে করলে ৮৫ কিলোমিটার গতি নিশ্চিত করতে হবে। এটা আইনে বলা নেই, এটা নির্ভর করবে সড়কটি কোন এলাকায় হচ্ছে তার ওপর।’
‘মহাসড়কগুলোর মাঝখানে ডিভাইডার থাকবে। আস্তে আস্তে সব হাইওয়ে চারলেন করা হবে। এক্সপ্রেসওয়ে হলে টোল দিতে হবে।’


