ধূমকেতু নিউজ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল থেকে পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়ারও অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে টুঙ্গিপাড়ার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে তারা সেখানে আসেন। পরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং মাইকে বিভিন্ন স্লোগান দেন।
পরে ছাত্রলীগের একটি মিছিল টুঙ্গিপাড়া সরকারি কলেজ, জিটি সরকারি উচ্চবিদ্যালয়, জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এলাকায় যায়। মিছিলকারীরা এসব শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে জিটি সরকারি উচ্চবিদ্যালয়ের কর্নার সড়ক এলাকায় পুলিশের কয়েকটি গাড়ি অবস্থান নেয়। সেগুলো দেখে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের ভাষ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। একপর্যায়ে বিক্ষুব্ধ ব্যক্তিরা পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় কয়েকটি ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘ছাত্রলীগের বিক্ষুব্ধকারীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।’
অবরোধের কারণে পিরোজপুর-গোপালগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাটগাতি বাসস্ট্যান্ড থেকে চৌরঙ্গী বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বাঁশ বেঁধে ও আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন অবরোধকারীরা।
স্থানীয় সূত্রের দাবি, টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক মানুষ সড়কে অবস্থান নেন। তাদের স্লোগানে পাটগাতি বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী বাজার এলাকা মুখর হয়ে ওঠে।
অবরোধের কারণে বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে সাধারণ যাত্রী ও পরিবহনচালকেরা দুর্ভোগে পড়েন। পুলিশের গাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ, এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।



