ধূমকেতু নিউজ ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম এক ঘণ্টার মধ্যেই ৭-০ গোলে এগিয়ে গেছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন মোসাম্মাৎ সাগরিকা।
ঢাকার কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশের মেয়েরা। সাগরিকার তিন গোলের বাইরে মুনকি আক্তার দুটি এবং স্বপ্না রানী ও শিখা আক্তার একটি করে গোল করেন।
এশিয়ান কাপ বাছাইয়ের ২৩ জনের মধ্যে আটজনকেই শুরুর একাদশে রাখেন কোচ পিটার বাটলার। খেলার দ্বিতীয় মিনিটেই স্বপ্না রানীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এর ঠিক তিন মিনিট পর দ্বিতীয় গোল করেন মুনকি আক্তার।
৩৭ মিনিটে ডান প্রান্ত থেকে সিনহা জাহানের ক্রসে সাগরিকা তৃতীয় গোলটি করেন। ৪৮তম মিনিটে মুনকি ও ৫০তম মিনিটে শিখা গোল করলে স্কোর হয় ৫-০। এরপর ৫৩ ও ৫৮ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা।
পাঁচটি দেশ নিয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও ভারতের নাম প্রত্যাহারে চার দল নিয়ে চলছে প্রতিযোগিতা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল হবে চ্যাম্পিয়ন।
আগামী ১৩ জুলাই নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই ভুটান এবং ১৯ ও ২১ জুলাই যথাক্রমে শ্রীলঙ্কা ও নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।


