ধূমকেতু নিউজ ডেস্ক : লিগস কাপের গ্রুপ পর্বে পুমাসকে ৩–১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে চেজ স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে লিওনেল মেসি ছিলেন না, তবে তার ঘনিষ্ঠ দুই সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পল যেন সেই শূন্যতা পূরণেই নেমেছিলেন।
ম্যাচের ৩৪তম মিনিটে মেক্সিকান ক্লাব পুমাস এগিয়ে যায় জর্জ রুভালকাবার গোলে। তবে প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে বাঁ প্রান্ত থেকে সুয়ারেজের পাস বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ প্লেসিং শটে গোল করে সমতা ফেরান দি পল। এটিই তার চলতি মৌসুমের প্রথম গোল এবং ইন্টার মায়ামির হয়ে অভিষেক গোল।
দ্বিতীয়ার্ধে আরও গতি পায় মায়ামির আক্রমণ। ৫৯ মিনিটে সুয়ারেজ ‘পানেনকা’ শটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন। পুমাসের ডিফেন্ডার হোসে কাইসেদোর হ্যান্ডবলের ফলে এই পেনাল্টি পেয়েছিল মায়ামি। এরপর ৬৯ মিনিটে আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আলেন্দে গোল করে ব্যবধান ৩–১ করেন, যেখানে সহায়তাকারীও ছিলেন সুয়ারেজ।
ম্যাচে মেসি না খেললেও তিনি মাঠে উপস্থিত ছিলেন গ্যালারিতে। পরনে গাঢ় রঙের শার্ট ও শর্টস, চোখজুড়ে সতীর্থদের খেলা দেখার মনোযোগ। নেকাক্সার বিপক্ষে আগের ম্যাচে পাওয়া চোটের কারণে খেলতে না পারা এই তারকার অনুপস্থিতিতে তার দুই ঘনিষ্ঠ বন্ধু—দি পল ও সুয়ারেজ—দলের জয় নিশ্চিত করেন।
মেসির ক্লাব ক্যারিয়ারের একটি রেকর্ড হলো, কখনোই কোনো টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েননি তিনি। এবার তার না খেলেও সে রেকর্ড অক্ষুণ্ন রাখলেন তার সতীর্থরা।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের মাচেরানো বলেছিলেন, জয় পেলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে। তবে মেসির অনুপস্থিতি নিয়ে কিছুটা শঙ্কায় ছিলেন এই আর্জেন্টাইন কোচ। কিন্তু মাঠে তার দল সে শঙ্কা উড়িয়ে দিয়েছে।
এমএলএস থেকে প্রথম দল হিসেবে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটিতে নির্ধারিত সময়ের মধ্যে এবং একটি ম্যাচে টাইব্রেকারে জেতায় তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। কারণ লিগস কাপের নিয়ম অনুযায়ী, পেনাল্টিতে জিতলে দল পায় ২ পয়েন্ট।
মেসিকে ছাড়াও দল হিসেবে ইন্টার মায়ামির শক্তি যে কতটা, সেটাই যেন দেখিয়ে দিল এই ম্যাচ।


