ধূমকেতু প্রতিবেদক,মিজানুর রহমান,চারঘাট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৬- (চারঘাট-বাঘা) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এ অঞ্চলের কৃতি সন্তান ও গণমানুষের মজলুম জননেতা এবং রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। ভোটের পরদিন সকাল থেকে তাঁর বাসভবনে চলছে আনন্দ উৎসব। দুই উপজেলার ধানের শীষ প্রেমী হাজার-হাজার নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হচ্ছেন চাঁদের বাড়ীর অঙ্গিনায়। সর্বস্তরের মানুষের ভালোবাসায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন আবু সাইদ চাঁদ। বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা ছাড়াও পরাজিত জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক চাঁদের গলায় মালা পরিয়ে মিষ্টি মুখের দৃশ্য সবার নজর কেড়েছে।এই বিষয়টিকে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বলে মন্তব্য করেছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সরেজমিন লক্ষ্য করা গেছে, বৃহস্পতিবার রাতে নির্বাচনের ফল প্রকাশের পর থেকে শনিবার সকাল পর্যন্ত চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নে অবস্থিত আবু সাঈদ চাঁদকে তার বাড়িতে জয়ের মালা পরাতে ছুটে চলেছেন চারঘাট-বাঘার হাজার হাজার ধানের শীষ প্রেমি মানুষসহ সর্বস্তরের জনতা। অনেকে আবেগে আপ্লুত হয়ে আবু সাঈদ চাঁদকে বুকে জড়িয়ে ধরে তাঁর সঙ্গে কোলা-কুলি করছেন। কেউ পরাচ্ছেন ফুলের মালা,আবার কেউ-কেউ দিচ্ছেন ফুলের তোড়া। এমনি ভাবে চলছে, একের-পর এক পর্ব। নির্বাচনের ৩দিন পেরিয়ে গেলেও চাঁদের বাড়ীতে মানুষের ঢল। তবে প্রতিদিন সর্বস্তরের মানুষের ভিড় থাকলেও বিন্দু মাত্র ক্লান্তি নেই নবাগত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের। বরং তিনি সকলকেই ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে ধন্যবাদ জানিয়েছেন ।
নির্বাচনের আগে নির্বাচনী জনসভায় আবু সাঈদ চাঁদ বলেছিলেন,আমি নির্বাচিত হলে আমার দলে কোন চাঁদাবাজ এবং মাদক সেবীদের জায়গা থাকবে না। ভোটের আগে শেষ জনসভায় যে গনজোয়ার লক্ষ্য করছি তা থেকে এটায় প্রমানিত হয়, ধানের শীষের বিজয় হবেই হবে ইনশাল্লাহ।
তিনি বলেছিলেন, বিগত সরকার আমলে ছয় বছর জেল খেটেছি। বাংলাদেশের বিভিন্ন কারাগারে আমাকে রাখা হয়েছে কন্ডোম সেলে। আমি দলের জন্য সংগ্রাম করতে গিয়ে আমার মা এবং স্ত্রীকে হারিয়েছি। তাই আপনারা দল-মত নির্বিশেষে আমাকে একটি করে ধানের শীষে ভোট দিবেন। আমি আমার জীবনে কখনো পরাজিত হইনি, আশা করছি এবারও হব না। আমি কথা দিয়ে যাচ্ছি, যতদিন বেঁচে থাকবো আপনাদের খেদমত করে যাবো এবং মরার আগের দিন পর্যন্ত আমার নেতা মরহুম জিয়াউর রহমানের আদর্শ নিয়েই বেঁচে থাকবো।
জয়ের পরে আবু সাইদ চাঁদ বলেছেন, আমি চাই চারঘাট-বাঘার প্রধান সমস্যা নদী ভাঙ্গন প্রতিরোধে কার্য্যকর ব্যবস্থা গ্রহন। চারঘাট-বাঘাকে মাদক মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে বেকারদের চাকুরীসহ কর্মস্থানের ব্যবস্থা করা। আম প্রধান এলাকা হওয়ায় এ অঞ্চলে আমের জন্য হিমাগার স্থাপন করা। আমি চাই দলমত নিবিশেষে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে চাদাবাজ দুর করে চারঘাট-বাঘাকে ইতিহাসের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তুলতে।


