ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক জ্বালানি তেল বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জানাগেছে, শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার আলিপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।
অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ মোবাইল কোর্টে দেখা যায়, এক বিক্রেতা সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছেন।
এ সময় প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল মজুদ অবস্থায় পাওয়া যায়। পরে ঘটনাস্থলেই উপস্থিত ক্রেতাদের মাঝে সেই তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। একই সঙ্গে অধিক মূল্যে তেল বিক্রি এবং সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে সংশ্লিষ্ট বিক্রেতাকে অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, “সরকার নির্ধারিত মূল্যের বাইরে জ্বালানি তেল কেউ বিক্রয় করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


