ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : দীর্ঘদিন পরে পরিষ্কার হচ্ছে পৌরসভার সদরের ড্রেন। রাজশাহীর পুঠিয়া পৌরসভার সদরে তাহেরপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ড্রেনের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্গন্ধে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় সাধারণ মানুষের নানা ধরনের সমস্যা সৃষ্টি হতো।
২৩ মে সকাল ১১ টার সময় পুঠিয়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস নিজে উপস্থিত থেকে তাহের পুর সড়কের পাশে ড্রেনে পরিষ্কার করার কার্যক্রম চালান। জনসাধারণের ভোগান্তি কমানো এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এই কার্যক্রম চলমান থাকবে। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিতভাবে ড্রেন থেকে ময়লা-আবর্জনা অপসারণ করবে। বৃষ্টির সময় পানি চলাচল স্বাভাবিক থাকে এবং বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি না হয়। সেই সাথে সম্পূর্ণ ড্রেন পরিষ্কার না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
পুঠিয়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন,সকল নাগরিককে ড্রেনে ময়লা না ফেলার জন্য অনুরোধ করা হচ্ছে। পরিচ্ছন্ন পুঠিয়া গড়তে সবার সচেতনতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন।



