ধূমকেতু প্রতিবেদক, মান্দা : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নওগাঁর মান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার কবি। তাঁর সাহিত্য ও দর্শন তরুণ প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে।
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য ও আদর্শকে আরও গভীরভাবে জানার সুযোগ পাবে।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাব্বির হোসেন খান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার এসএম আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে,বাশিস মান্দা উপজেলা শাখার আহবায়ক সদেরুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল লতিফ মৃধা, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি এরফান আলী মিয়া ও ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দিরের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হন অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতারা।#


