ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : “নিজ আঙিনা পরিস্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে জেলা পর্যায়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সমন্বয় কমিটি’র সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এঁর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু করা হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “সিরাজগঞ্জকে ডেঙ্গুমুক্ত এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সবচেয়ে জরুরি। আসুন, আমরা নিজ নিজ আঙিনা ও আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, প্লাস্টিক বর্জ্য যত্রতত্র না ফেলি এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণ করি। সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
এসময় তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষা করা আমাদের সকলের নাগরিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ সিরাজগঞ্জ গড়ে তুলতে এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা হবে।”এসময়ে উপস্থিত থেকে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ নুরুল আমীন, জেলা পরিষদ কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়,সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, সহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারগণ ও সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


