ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ:‘সার্বজনীন স্যানিটেশন পরিষেবা: তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা এবং বাস্তবতা’ শীর্ষক এক সংলাপ সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সিরাজগঞ্জের জেলা সমাজসেবা কার্যালয়ের কনফারেন্স রুমে এই সংলাপের আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), সিরাজগঞ্জ অনুষ্ঠানটির আয়োজন করেন।
সংলাপে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনে নিরাপদ ও মর্যাদাপূর্ণ স্যানিটেশন সুবিধার বিদ্যমান বাস্তবতা, প্রতিবন্ধকতা এবং সার্বজনীন স্যানিটেশন সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল আমিন।
এসকেএস ফাউন্ডেশন ও ফানসা বাংলাদেশ এর সহায়তায় এনডিপি’র নির্বাহী পরিচালক মো: আলাউদ্দিন খান এর সভাপতিত্বে উপপরিচালক কাজী মাসুদুজ্জামান পল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আবুল হাশেম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ কাবিল হোসেন এবং সিরাজগঞ্জ সদর থানার এসআই ইন্দ্রজিৎ বর্মন।
বক্তারা সমাজের প্রান্তিক ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা সহজলভ্য করা এবং সার্বজনীন স্বাস্থ্য ও স্যানিটেশন সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।



