ধূমকেতু নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে রাস আল খাইমাহর দক্ষিণাঞ্চলের আল ওয়াতান রোডে এ দুর্ঘটনা ঘটে।
রাস আল খাইমাহ পুলিশ জানায়, ৪১ জন যাত্রী নিয়ে চলাচলকারী একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটির অধিকাংশ যাত্রীই ওমান থেকে ভিসা পরিবর্তনের (ভিসা চেঞ্জ) প্রক্রিয়া শেষে আমিরাতে ফিরছিলেন। ফেরার পথেই তারা এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।
ইউএই ন্যাশনাল অ্যাম্বুলেন্স জানায়, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ১৬টি অ্যাম্বুলেন্স ও পাঁচটি ফার্স্ট রেসপন্ডার গাড়ি পাঠানো হয়। আহতদের ঘটনাস্থলেই জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত ১৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংবাদ সাবস্ক্রিপশন
এদিকে দুবাইয়ে অবস্থিত ভারতীয় কনস্যুলেট জানিয়েছে, নিহতদের মধ্যে ভারতীয় নাগরিক রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের কারও নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘ড্রোন হামলার’ খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছে পুলিশ।
উল্লেখ্য, কয়েক দিন আগেই আমিরাতের ফুজাইরাতে আরেকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছিল।



