ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার গভীর রাতে এঘটনা ঘটলে রাতেই অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রুহুল আমিন কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও কাশিমপুর মঙ্গলপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। তাকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, বুধবার গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের খাঁনপুকুর বাজারস্থ ৩নং ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যাই। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করে। এরই মধ্যে অফিসের ৬টি চেয়ার, ব্যানার, ছামানা এবং টিনের কিছু অংশ পুরে যায়। এঘটনায় করজগ্রাম বালিয়া পাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে বিএনপি নেতা আতোয়ার রহমান বৃহস্পতিবার সকালে বাদী হয়ে ২৩জনকে এজাহার নামীয় এবং আরো ৭০/৮০জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছেন।
তিনি জানান, এঘটনায় রাতেই অভিযান চালিয়ে কাশিমপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি রুহুল আমিনকে আটক করা হয়। আটক রুহুল আমিনকে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া একই রাতে উপজেলার গোনা ইউনিয়ন বিএনপির পার্টি অফিসেও আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্বরা। তবে সেখানে তেমন কোন ক্ষতি হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।



