ধূমকেতু নিউজ ডেস্ক : সোমবার রাত তখন প্রায় ১টা ১০ মিনিট। পশ্চিমবঙ্গে নারদকাণ্ডে অভিযুক্ত হয়ে নিম্ন আদালতে জামিন পেয়েও সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে নিম্ন আদালতের সেই রায়ের উপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। যার ফলে নারদকাণ্ডে অভিযুক্ত হয়ে রাতেই পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিমসহ চার হেভিওয়েট নেতাকে জেলে যেতে হয়।
আগামীকাল বুধবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিলো। ততক্ষণ জেলেই থাকতে হবে ফিরহাদদের। সোমবার গভীর রাতে নিজাম প্যালেস থেকে একে একে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়দের নিয়ে যাওয়া হচ্ছে প্রেসিডেন্সি জেলে। তোলা হচ্ছে পুলিশের গাড়িতে। জেলে যাওয়ার আগে আবেগঘণ এক বার্তা দিয়ে কলকাতার মানুষকে নাড়িয়ে দিয়ে গেলেন করোনা মোকাবিলার ক্ষেত্রে অন্যতম দায়িত্বপ্রাপ্ত রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
জেলযাত্রার আগে কান্নায় ভেঙে পড়ে তিনি বিজেপিকে আক্রমণ করে বলে গেলেন, করোনার হাত থেকে কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিলো না।
ফিরহাদ হাকিম বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য কলকাতা করপোরেশনের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান হিসাবে আমাকে নিয়োগ করা হয়েছিলো। শ্মশানে যাতে করোনা রোগীদের মৃতদেহ ঠিকঠাকভাবে পোড়ানো যায়, করোনার ভ্যাকসিন যাতে ঠিকঠাকভাবে হয়, করোনা আক্রান্তদের টেষ্টিং যাতে ঠিকমতো হয়, স্যানিটাইজেশন যাতে সঠিকভাবে হয়, তার সবকিছু দেখভালের জন্য আমাকে নিয়োগ করা হয়েছিলো। কিন্তু সে কাজ আমি করতে পারলাম না।
এসময় ডুকরে কেঁদে উঠে ফিরহাদ বলেন, কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিলো না।
পাশাপাশি ফিরহাদ হাকিম বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, বিজেপি সব কিনে নিতে পারে। সিবিআই কিনে নিতে পারে, ইডি কিনে নিতে পারে। এরপর হয়তো ইডি লাগিয়ে দেয়া হবে আমাদের পেছনে। ইডি দিয়ে হয়তো কেস করানো হবে। তবে আমার বিশ্বাস আইনকে কিনতে পারবে না। আইনের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আইনি পথেই আমরা ন্যায়বিচার পাবো। নারদকাণ্ডে নিন্ম আদালতে জামিন পেয়েও সেই জামিন কেন মঞ্জুর হলো না সেই প্রশ্নও জেলে যাওয়ার আগে রেখে যান ফিরহাদ হাকিম।


