ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গিয়ে আসামী পক্ষের লোকজনের হামলায় আহত হয়েছেন চারঘাট মডেল থানার দুই পুলিশ কর্মকর্তা। পরে আহতদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সরকারী কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার ঘটনায় মডেল থানার সহকারী উপপরিদর্শক ফরোয়ার হোসেন বাদী হয়ে ৬ জনের নামের একটি মামলা করেন। উক্ত মামলায় আটক হয়েছেন মামলার প্রধান আসামী চিহিৃত ডাকাত ফরুক হোসেন, তার স্ত্রী শিখা বেগম ও ছোট ভাই ওমর আলী। আটকৃতদের বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বুধবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উপজেলার থানাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী চারঘাটের চিহিৃত ডাকাত ফারুক হোসেন নিজ বাড়ীতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরোয়ার হোসেন আসামীর বাড়ীতে অভিযান পরিচালনা করেন। এসময় আসামী ফারুক হোসেনসহ তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র হাতে পুলিশের দুই কর্মকতার ওপর হামলা চালায়। এতে মারাক্তকভাবে ওই দুই পুলিশ কর্মকর্তা আহত হন। পরে সংবাদ পেয়ে থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় পুলিশ কর্মকর্তা ফরোয়ার হোসেন ও আশরাফুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশের আহত কর্মকর্তা ফরোয়ার হোসেন বাদী হয়ে চারঘাট মডেল থানায় একটি মামলা করেন। উক্ত মামলায় বৃহস্প্রতিবার দুপুরের দিকে সাড়াশি অভিযান পরিচালনা করে উপজেলার বালাদিয়াড় জনৈক ব্যাক্তির বাড়ী থেকে মামলার প্রধান আসামী ফারুক হোসেন, তার স্ত্রী শিখা বেগম ও তার ছোট ভাই ওমর আলীকে আটক করা হয়। বৃহস্প্রতিবার বিকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।


