ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় দীর্ঘ সময় পলাতক থাকার পর হামিদুল ইসলাম নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে শরিফুল ইসলাম নামে অপর এক ব্যাক্তির বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকেও গ্রেফতার করা হয়।
রোববার (৭ জুলাই) ভোর রাতে পৃথক-পৃথক এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার কিশোরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাজাপ্রাপ্ত আসামী হামিদুল ইসলাম (৩৫) পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ সময় পলাতক ছিল। সর্বশেষ রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ তাকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে।
এর আগে উপজেলার দেবত্তর বিনোদপুর গ্রামের সুলতান আলীর ছেলে শরিফুল ইসলাম (৩২) এর বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকেও নিজ এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, পৃথক ঘটনায় আটককৃত দু’জন আসামীকে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।


