ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর রাজপাড়া থানাধীন দাশপুকুর সিটি বাইপাস এলাকায় জমি দখলকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনায় ১২ আসামীকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো নিলয়, শাওন, নকীম, বিদ্যুৎ, স্বপ্নীল, মোহাম্মদ আলী, রাতুল, মিঠু, জামাল, রফিক, মামুন, সম্রাট।
পুলিশ জানায়, গত ৩০ জুন বেলা পৌনে ১ টার দিকে রাজশাহীর রাজপাড়া থানাধীন দাশপুকুর সিটি বাইপাস এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুই জন খুন হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে উভয় পক্ষই অভিযোগ দায়ের করলে রাজপাড়া থানায় দুইটি হত্যার মামলা রুজু হয়। মামলা দায়েরের পরপরই রাজশাহী মহানগর পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে মামলার মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে রাজপাড়া থানা পুলিশ।
পুলিশ আরও জানায়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেনের দিক নির্দেশনায় মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মোতালেব হোসেন ও তার টিম ঘটনাস্থলের সংগৃহিত ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে উভয় মামলার মোট ১২ জন আসামীকে গ্রেপ্তার করে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানায় পুলিশ।


