ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ভাতিজার হাসুয়ার কোপে চাচা খুনের ঘটনায় নিহত মতিউর রহমানের বড় মেয়ে হিউমেইন কার্ডিয়া বাদী হয়ে ১৩ জনের নামে চারঘাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামী করা হয়েছে নিহত মতিউর রহমানের বড়ভাই খলিলুর রহমান (৭০)কে। এ দিকে হত্যা মামলা দায়ের পর প্রধান আসামী খলিলুর রহমানসহ ৩ জন গ্রেপ্তার করেছে মডেল থানা আসামী।
গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুল জলিল মন্ডলের ছেলে খলিলুর রহমান, খলিলুর রহমানের ছেলে তোতা মিয়া ও নিয়াজ উদ্দিন। আটককৃতরদের সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর দিকে ঘটনায় ৪ দিন পেরিয়ে গেলেও অন্য আসামীরা এখনও গ্রেপ্তার না হওয়ায় নিহতের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন মামলার বাদী হিউমেইন কার্ডিয়া।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পর পরই অভিযুক্তরা বাড়ী ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছে। আর এ ঘটনায় মুল অভিযুক্ত খলিলসহ তার দুই ছেলে তোতা নিয়াজ গোপনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ ছিলেন। পরে পুলিশ পাহারায় চিকিৎসা শেষে সোমবার তাদের হত্যা মামলায় আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত অন্য আসামীদের গ্রেপ্তার সব ধরণের চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও অন্য আসামীরা গ্রেপ্তার না হওয়ায় নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে বাদীর দাবি প্রসঙ্গে ওসি বলেন, সব সময়ই পুলিশ নিহতের পরিবারের পাশে রয়েছে। তাছাড়া আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ নেই। বর্তমানে ওই এলাকায় বাড়তি পুলিশ নজরদারী বাড়ানো হয়েছে। অন্য আসামীদের অবস্থান জানতে ইতিমধ্যে চেষ্টা অবাহত রয়েছে। দ্রæত সময়ের মধ্যে অন্য আসামীদের গ্রেফতার করা সম্ভব হবে বলে দাবি করেন ওসি জাহাঙ্গীর আলম।
এ দিকে সরজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জলিল মন্ডলের দুই ছেলে খলিল মন্ডল ও মতিউর রহমান। জলিল মন্ডল মারা যাওয়ার পর খলিল মন্ডল এলাকায় অবস্থান করলেও নিহত মতিউর রহমান বাংলাদেশ রেলওয়ের ফার্মাাসিস্ট হিসেবে কর্মরত থাকায় জীবনের বেশীর ভাগ সময় পার করেছেন বাইরে। এরই মাঝে ২০১৭ সালে নিহত মতিউর রহমান অবসর গ্রহণ করে বাড়ীতে এসে পিতার রেখে যাওয়া সম্পত্তির সুষ্ঠু বন্টন দাবি করলে দুই ভাইরে মধ্যে শুরু হয় বিরোধ। জনবলের দিকে খলিল মন্ডলের ছেলে সন্তান বেশী থাকায় এবং নিহত মতিউর রহমানের একটি মাত্র ছেলে ও দুই মেয়ে হওয়ায় মাঝে মধ্যেই খলিল তার ছেলেদের সঙ্গে নিয়ে মতিউরকে জমি বুঝিয়ে না দিয়ে জবর দখল করে রাখতো নিজের হেফাজতে। এ নিয়ে এলাকায় শালিস দরবার হলেও খলিল শাসি মানতেন না। ফলে নিরুপায় হয়ে মতিউর রহমান নিজের পাওনা বুঝিয়ে পেতে আদালতের মামলা দায়ের করেন। উক্ত মামলা এখনও চলমান রয়েছে। তারই জের ধরে মতিউর রহমান বাড়ীর পাশে নিজের সম্পত্তিতে গেলে পূর্বপরিকল্পিত ভাবে খলিল ও তার ছেলেরা দেশীয় অস্ত্র হাতে মতিউরের উপর হামলা চালায়। এসংদ জানতে পেরে মতিউর রহমানের ছেলে ইনছান আলী এগিয়ে গেলে শুরু হয় মারপিট। এসময় হাসুয়া দিয়ে মতিউর রহমানকে ও তার ছেলে ইনছানকে কোপাতে থাকে। ঘটনাস্থলেই মারা যান মতিউর। আহত অবস্থায় আনছানকে উদ্ধার করে রাজশাী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ইনছানও এখনও শঙ্কা মুক্ত নয় বলে দাবি করেছেন নিহতের বড় মেয়ে মামলার বাদী হিউমেইন কার্ডিয়া।
অন্য দিকে আসামীদের বাড়ীতে গেলে দেখা যায় প্রতিটি আসামীর বাড়ী ঘরে তালা ঝুলছে। কেউ তাদের সন্ধান দিতে পারছে না।


