ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : সময় মতো সরকারী সকল দপ্তরের কর্মকর্তাদের যথাসময়ে অফিসে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। সময় মতো অফিস করলে প্রতিটি দপ্তরের কার্যক্রম সমাপ্ত করা সম্ভব। বাড়ি বা অন্য কোন স্থানে বসে থেকে সময় নষ্ট করার প্রয়োজন নেই। কাজ না থাকলেও অফিসে উপস্থিত থাকবে হবে।
রাজশাহীর বাগমারা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রতি এমনই নির্দেশ দিয়েছেন সদ্য যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান।
সঠিক নিদের্শনা প্রদান করায় বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভায় ইউএনওকে ধন্যবাদ জানিয়েছেন সমন্বয় সভার প্রধান উপদেষ্টা রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
সেই সাথে তিনি বলেন, প্রতিটি দপ্তরের কার্যক্রম সম্পর্কে আলোচনার একটা বড় জায়গা হচ্ছে এই সমন্বয় সভা।
উপজেলায় সংগঠিত কার্যক্রম নিয়ে আলোচনা মাধ্যমে দ্রুত সমাধান করা যায়। নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে উপজেলার সামগ্রীক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা।
এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকারের দ্রুত সুস্থতা কামনা করেন, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার এনামুল হক সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সমন্বয় সভার সদস্যবৃন্দ।
উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এবং নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের পরিচালনায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মাসিক সভার সদস্য গণ উপস্থিত ছিলেন।


