ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অপহরণকৃত মেয়ে ভিকটিমসহ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত হলো, পারভেজ হোসেন তালুকদার রুহান (১৯)। সে পিরোজপুর জেলার কাউখালী থানার কেউন্দিয়া গ্রামের হুমায়ূন কবিরে ছেলে।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সোনিয়া (ছদ্মনাম) (১৯) রাজশাহী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী তার পিতা কাশিয়াডাঙ্গা থানায় জানায় গত ২৫ সেপ্টেম্বর ২০২১ তার মেয়ে কলেজে নোট আনার জন্য গিয়ে নিখোঁজ হয়। এ সংক্রান্তে কাশিয়াডাঙ্গা থানায় তিনি একটি নিখোঁজ জিডি করেন।
উক্ত জিডির প্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম এবং সাইবার ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরীর তত্বাবধানে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট এবং কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নিখোঁজ মেয়েকে উদ্ধারে অভিযানে নামে।
সাইবার ক্রাইম ইউনিট তথ্য বিশ্লেষণ করে জানতে পারে, ভিকটিম সোনিয়াকে অপহরণ করা হয়েছে। পরবর্তীতে গত ২ অক্টোবর পটুয়াখালী জেলার দুমকি থানার পাংগাশিয়া এলাকা হতে সাইবার ক্রাইম ইউনিটের সার্বিক সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা এসআই জীবন চন্দ্র বর্মন ও সাইবাই ক্রাইম ইউনিটের এএসআই সাইফুল ইসলাম সহ কাশিয়াডাঙ্গা থানার বিশেষ টিম যৌথ অভিযান পরিচালনা করে আসামী পারভেজ হোসেন তালুকদার রুহানকে গ্রেপ্তার করে এবং নিখোঁজ সোনিয়াকে উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ভিকটিম জিজ্ঞাসাবাদে জানায়, গত ২৫ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০.১০ টায় হড়গ্রাম কোর্ট ষ্টেশন মোড় হতে আসামী পারভেজ হোসেন তালুকদার রুহান বিয়ের প্রলোভন দিয়ে তাকে অপরহরণ করে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


