ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে মাসব্যাপী আয়কর রিটার্ন গ্রহণ ও তথ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (০৭ অক্টোবর) দুপুরে কর অঞ্চল, রাজশাহীর কর কমিশনার শফিকুল ইসলাম আকন্দ তাঁর কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এবং বেলুন ও ফেস্টুন বেলুন উড়িয়ে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।
কর মেলার মতো এ আয়কর রিটার্ন গ্রহণ ও তথ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে গত ১ নভেম্বর। ৩০ নভেম্বর পর্যন্ত ই-রিটার্ন, ই-টিন, রিটার্ন গ্রহণ ও পরামর্শ সেবাসহ অন্যান্য সেবা পাওয়া যাবে এ আয়োজনে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কর আপীল কমিশনার আহসান হাবিব।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কর কমিশনার মোস্তাফিজুর রহমান, যুগ্ম কর কমিশনার মেহেদী হাসান, উপ-কর কমিশনার (সদর দপ্তর, প্রশাসন) আবু নসর মাহাবুবুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।


