ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে প্রেমিকার সামনেই বুকে চাকু মেরে ও বিষপান করে যুবক আত্মহত্যার ঘটনায় দুই তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নগরীর রাজপাড়া থানা পুলিশ। মঙ্গলবার (০৯ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘তাদেরকে আটক করা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃত তরুণীর একজনের নাম জেমি, অপর জনের নাম তুলি।
এর আগে দুপুর দেড়টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর এলাকার মাস্টার শেফ বাংলা রেস্তোরাঁ সংলগ্ন এলাকায় বুলবুল আহমেদ (২৬) নামের এক যুবক তার প্রেমিকার সঙ্গে অভিমান করে তার সামনেই আত্মহত্যা করে। নিহত যুবক জেলার পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আমিরুল আহমেদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দুই যুবক এবং এক তরুণী লক্ষীপুরের মাস্টারশেফ বাংলা রেস্তোরাঁ থেকে কাচ্চি বিরানি পার্সেল নিয়ে বাইরে বের হন। বিরিয়ানি নেয়ার সময় হোটেলের এক বয়কে তারা ৩০ টাকা বকশিসও দেয়।
বাইরে বের হয়েই দুই যুবকের একজন (বুলবুল) কোনো এক অভিমানে ওই তরুণীর (প্রেমিকা) সামনেই প্রথমে বিষপান করেন। এরপর ওই প্রেমিক যুবক তার বুকের বাম পাশে ছুরি দিয়ে সজোরে আঘাত করেই ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে আশেপাশের লোকজন গুরুতর অবস্থায় বুলবুলকে রাজশাহী মেডিক্যাল (রামেক) কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহীর মাস্টারশেফ রেস্তোরাঁর মালিক শিহাব রুম্মান বলেন, ‘এ ঘটনা তার রেস্তোরাঁ কম্পাউন্ডের বাইরে ঘটেছে। তারা কাচ্চি বিরিয়ানির পার্সেল অর্ডার করেছিল। খাবার পার্সেল নিয়ে যাওয়ার সময় রেস্তোরাঁর এক বয়কে ৩০ টাকা বকশিশও দিয়েছেন। আর রেস্তোরাঁ থেকে বের হওয়ার পরেই এ ঘটনা।’
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলের আশেপাশের সিসি টিভির ফুটেজ পর্যবেক্ষণ করছি। যাচাই-বাছাই করে ঘটনা সম্পর্কে কিছুটা ধারনা পাওয়া যাবে। এছাড়া নিহত যুবকের সঙ্গে থাকা দুই তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তাদেরকে বর্তমানে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর যুবকের লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে রাখা আছে। রেস্তোরাঁ ও এর আশেপাশের ফুটেজ যাচাই-বাছাই ও আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


