ধূমকেতু প্রতিবেদক, রাবি : দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্স (টোয়াস) ফেলো নির্বাচিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সালেহ হাসান নকীবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সতেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে পদার্থ বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তার কৃতিত্ব স্বরুপ এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বিজ্ঞান মানেই স্বাধীনতা। বর্তমানে সব জায়গায় যখন ভয়, পরাজয়, পতনের পদধ্বনি শুনছি। এমন সময় ড. নকীবের মতো একজন আমাদেরকে নাড়া দিয়েছে। তার প্রাপ্তিতে আমরা উল্লসিত হয়েছি। সে শুধু তার বিভাগকেই সুশোভিত করেনি সে তার বিশ্ববিদ্যালয় এবং দেশকে সুশোভিত করেছে। তিনি চাইলেই দেশের বাইরে কোন একটা ভালো বিশ্ববিদ্যালয়ে থাকতে পারতেন কিন্তু সে দেশে ফিরে এসেছে। এটা তার দেশপ্রেমের এক অন্যতম উদাহরণ।
তিনি আরও বলেন, আমরা আমাদের নিজেদের বিশ্ববিদ্যালয়কে ব্রান্ডিং করতে চাই, আমরা আগে শুরু করতে চাই, অন্যকে অনুকরণ করার দ্বৈনতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের দেখে যেনো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো অনুকরণ করে। এসময় তিনি ড. নকীবের নেতৃত্বে বিজ্ঞানকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
অধ্যাপক নকীব বলেন, রিসার্চ করতে গেলে সবার আগে দরকার লক্ষ্য। সেটা ছাড়া রিসার্চ করা সম্ভব না। উচ্চ মানের জ্ঞান ছাড়া ভালো রিসার্চার হওয়া যায় না। পেপার লেখার আগে সে বিষয়ে সম্মক জ্ঞান রাখতে হবে। রিসার্চ করতে গিয়ে যেনো টিচিং এ কোন ক্ষতি না হয় সেদিকেও শিক্ষকদের নজর দিতে হবে।
তিনি আরও বলেন, আমরা চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেটা প্রকৃত অর্থেই একটা বিশ্ববিদ্যালয়। সেটা হবে যৌক্তিক বিচার, জ্ঞান, দর্শন ও বুদ্ধির জোর। অপরাজনীতি বা পেশিশক্তির জোর না। যদি এগুলো সমাধান করা যায় তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে মর্যাদা পাবে। একটা বিশ্ববিদ্যালয়ের চেহারা যদি পাল্টে যায় তাহলে একটা দেশের চেহারাও পাল্টে যাবে।
এসময় তিনি সদস্য পদ পাওয়ার পেছনে বাংলাদেশ একাডেমি অব সায়েন্স ফেলো অধ্যাপক শমসের আলী ও অধ্যাপক হাসিনা খানের অবদানের কথাও স্মরণ করেন।
অনুষ্ঠানে পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী জাকারিয়া, অধ্যাপক সুলতান-উল-ইসলাম। বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক এম খলিলুর রহমান খান। এছাড়াও বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


