ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো, রাজশাহীর রাজপাড়া থানার চন্ডিপুর গ্রামের মৃত ইনছার আলীর ছেলে নাজমুল ইসলাম বাবু (৩৫) ও বোয়ালিয়া থানার তালাইমারীর মৃত গোলাম মোস্তফার ছেলে ফায়সাল রহমান তুষার (৩৪)।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ, এসআই আশরাফুল ইসলাম ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার লক্ষীপুর মোড়ে দুই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে।
পুলিশ আরও জানায়, উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল ৪.৩০ টায় রাজপাড়া থানার লক্ষীপুর মোড় হতে আসামী নাজমুল ও ফায়সালকে আটক করে। এসময় আসামীদের কাছ থেকে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


