ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় স্বাস্থ্য পরীক্ষা করাতে এসে ক্লিনিকের ভুল চিকিৎসায় গর্ভপাত (ভ্রুণ হত্যা) করানোর অভিযোগ উঠেছে। সেই সাথে ভুক্তভোগি ওই নারী মাত্রাতিরিক্ত রক্তক্ষনে এখন রামেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
ভুক্তভোগি ওই নারীর নাম তাসলিমা বেগম (৩০)। তিনি উপজেলার শিবপুর জাগিরপাড়া গ্রামের জালালা উদ্দীনের স্ত্রী।
গত মঙ্গলবার (১৬ নভেম্বর) উপজেলার বানেশ্বর বাজারে অবস্থিত বেসরকারী গ্রীণ লাইফ হসপিটালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগির স্বামি জালাল উদ্দীন বলেন, আমার স্ত্রী ৭ সপ্তাহের গর্ভবতী ছিল। গত মঙ্গলবার সকালে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য গ্রীণ লাইফ হাসপাতালে আনা হয়। সেখানে হাসপাতালের মালিক আল্ট্রাসনোগ্রাফি করেন। কিছুক্ষন পর বলেন গর্ভের সন্তান মৃত। এরপর ৫ হাজার টাকার বিনিময় গর্ভপাত করাতে চুক্তি করেন। আর একটি ট্যাবলেট খাওয়াতে বলেন। ট্যাবলেট খাওয়ানোর পর আমাদের কিছুটা সন্দেহ হয়। সে সময় পাশের একটি ক্লিনিকে (মা ক্লিনিক) আল্ট্রাসনোগ্রাফি করাতে গিয়ে দেখা যায় গর্ভের বাচ্চা জীবিত। বিষয়টি গ্রীন লাইফের মালিককে অবহিত করলে তিনি ওইদিন বিকেলে আমাদের রাজশাহী মহানগরে নিয়ে যান। সেখানে বেলভিউ ডায়াগনস্টিক সেন্টারে তৃতীয় দফা আল্ট্রাসনোগ্রাফি করানো হয়। সেখানেও চিকিৎসক পেটে বাচ্চা জীবিত আছে বলে জানান। তবে এর কয়েক ঘন্টাপর ট্যাবলেটের প্রতিক্রিয়ায় আমার স্ত্রীর রক্তক্ষরণ শুরু হয়। বুধবার রাত ১০টার দিকে বাচ্চা পড়ে যায়। অতিরিক্ত রক্তপাতের কারণে রাতেই তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল মতিন বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারীর অবস্থা গুরুতর হয়ে পড়ে। তাই বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে পাঠিয়ে দেয়া হয়।
তবে গ্রীণ হাসপাতালের মালিক বাবু বলেন, একজন চিকিৎসক আল্ট্রাসনোগ্রাফি করেছেন। তিনি ওই রিপোটে যা পেয়েছেন তাই উল্লেখ করেছেন। তবে ওই মহিলার আগেও একাধিকবার গর্ভপাত ঘটেছে। সে জেরে এবারও হয়েছে। আর আমাদের পক্ষ থেকে কোনো অপচিকিৎসা বা গাফলতি করা হয়নি।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাওয়াদী হোসেন বলেন, ভ্রুণ হত্যার এমন কোনো অভিযোগ এখনো থানায় আসেনি। অভিযোগ পেলে অব্যশই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


