ধূমকেতু নিউজ ডেস্ক : এলফাবেট ইনকরপোরেশনের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল বুধবার জানিয়েছে, চলতি বছর বিশ্বব্যাপী কর্মীদের তারা অতিরিক্ত বোনাস দিতে যাচ্ছে।
টেক জায়ান্ট গুগল আবারও তাদের কাজকর্ম অফিসে আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে। করোনা মহামারির কারণে এতোদিন ঘরে বসেই গুগলের সিংহভাগ কাজকর্ম চলতো।
এলফাবেট ইনকরপোরেশনের মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, বর্ধিত কর্মী এবং শিক্ষানবিশসহ গুগলের সব কর্মীদের এক মেয়াদে (ওয়ান-টাইম) নগদ বোনাস ১ হাজার ৬০০ ডলার দেয়া হবে। এ অর্থ কর্মীদের নিজ নিজ দেশের অর্থের মান অনুযায়ী প্রদান করা হবে।
ওই মুখপাত্র জানান, গুগলের কর্মীরা যে গৃহ-ভাতা ও উন্নয়ন ভাতা পান, এ বোনাসটি তার বাইরে। করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত কর্মীদের সহায়তার জন্য এ ভাতা দেয়া হচ্ছে।
গত সপ্তাহেই গুগল অফিসে তার কার্যক্রম ফেরানোর উদ্যোগ নিয়েছিল। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে তা পিছিয়ে যায়।


