ধূমকেতু নিউজ ডেস্ক : দুই সদস্যের বিদায়ের ঘোষণা দেওয়ার পর নতুন লাইনআপ প্রকাশ করেছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন। নতুন করে তিনজন মিউজিশিয়ানকে দলে যুক্ত করার কথা জানিয়েছে ব্যান্ডটি। এর মধ্যে রয়েছেন ব্যান্ডটির সাবেক গিটারিস্ট শিশির আহমেদ, যিনি আবারও দলে ফিরেছেন।
বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে অর্থহীন জানায়,‘আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের দুইজন অসাধারণ মিউজিশিয়ানকে বিদায় জানাচ্ছি, যারা আমাদের গান এবং আত্মার সঙ্গে মিশে ছিলেন।’
পোস্টে ড্রামার মার্ক ডনকে ব্যান্ডের ‘হৃদস্পন্দন’ হিসেবে বর্ণনা করা হয়। ব্যান্ডটি লিখেছে, গত ১০টি অসাধারণ বছর ধরে মার্ক ছিলেন অর্থহীনের হৃদস্পন্দন। থান্ডারাস ডাবল-বেস থেকে শুরু করে বর্তমান সময়ের জটিল সব ড্রাম গ্রুভ—গিটার, কিবোর্ড—সবখানেই তার নিষ্ঠা ও এনার্জি ছিল অতুলনীয়। মিউজিকের জগতে এক দশক মানে যেন এক জীবনকাল; আমাদের অ্যালবাম এবং কনসার্টের প্রতিটি বিটে মার্কের স্মৃতি চিরস্থায়ী হয়ে থাকবে।
এর আগে সকালে ব্যান্ড ছাড়ার ঘোষণা দিয়ে মার্ক ডন ফেসবুকে লিখেছিলেন, “আজ থেকে অর্থহীনের সঙ্গে আমার যাত্রার সমাপ্তি হলো। গত দশ বছরের পথচলা শুধু সংগীতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এর সঙ্গে জড়িয়ে আছে পরিবার, ব্যক্তিগত বিকাশ, অসংখ্য স্মৃতি এবং দীর্ঘ সময়ের অধ্যবসায়। এই অভিজ্ঞতাগুলোই আমাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে।”
তিনি স্মরণ করেন ২০১৬ সালে প্রকাশিত অ্যালবাম ‘ক্যান্সারের নিশিকাব্য’-এর রেকর্ডিংয়ের দিনগুলো, ‘ফিনিক্সের ডায়েরি ১’ ও ‘ফিনিক্সের ডায়েরি ২’ তৈরির সময়ের নির্ঘুম রাত, আবেগঘন মুহূর্ত, দীর্ঘ অনুশীলন এবং টানা সফরের অভিজ্ঞতা।
মার্ক বলেন, “এই এক দশকে আমি ব্যান্ডটিকে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে দেখেছি। দীর্ঘ বিরতি, আবার নতুন করে দল গড়ে তোলা—প্রতিবার ফিরে আসার সময় আমি ব্যান্ডটির জন্য আমার সর্বোচ্চটা দিয়েছি।”
এদিকে গিটারিস্ট এহতেশামের বিদায় প্রসঙ্গে অর্থহীন লিখেছে, নিজের কাজে একজন ওস্তাদ মানুষ। এহতেশাম তার গিটারের মেলোডি ও টেকনিক্যাল মুন্সিয়ানায় আমাদের সাউন্ডে নতুন মাত্রা যোগ করেছিলেন। ব্যান্ডের সাম্প্রতিক গানগুলো তৈরিতে তার অবদান অনস্বীকার্য।
নতুন যারা যুক্ত হলেন
নতুন লাইনআপে তিনজন মিউজিশিয়ানকে দলে নিয়েছে অর্থহীন। এর মধ্যে গিটার ও কিবোর্ডে ফিরেছেন শিশির আহমেদ। যিনি ২০২৩ সালে দীর্ঘ ২০ বছরের পথচলার ইতি টেনেছিলেন।
শিশিরের ফেরার খবর জানিয়ে ব্যান্ডটি লিখেছে, ‘হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন! আমাদের পুরোনো এবং প্রিয় শিশির ফিরে এসেছে!’
এ ছাড়া কিবোর্ড ও গিটারে যুক্ত হয়েছেন আদনান আতিক। লাইভ পারফরম্যান্সে নতুন লেয়ার যোগ করবেন তিনি। আর গেস্ট ড্রামার হিসেবে রিদম সেকশনে যোগ দিয়েছেন শেখ এম রিয়াজ।
পোস্টে অর্থহীন আরও লিখেছে, মুখগুলো বদলে গেলেও অর্থহীনের আত্মা সেই আগের মতোই আছে। আমরা শিগগিরই স্টুডিওতে ফিরব এবং মঞ্চে ফেরার প্রস্তুতি নেব। প্রতিটি চড়াই-উতরাইয়ে পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। সেরা সময়টা এখনো আসা বাকি।


