ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলাম ধর্মকে নিয়ে অপব্যাখ্যা করার অভিযোগে সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসানেরর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। আদালত মামলাটি সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বুধবার (২ডিসেম্বর ) ঢাকার সাইবার ট্রাইবুনালের বিচারক আস্সামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন সাংবাদিক মোঃ আরিফুর রহমান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আগামী নিউজ২৪ চ্যানেলের টকশোতে একপর্যায়ে আসামি বলেন, আমাদের কাবা শরীফ যেটা বাইতুল্লাহ শরীফ, সেটাও কিন্তু একটা স্ট্যাচু। আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি। তারপর আমরা শয়তানকে যে পাথর নিক্ষেপ করি, সেখানে কিন্তু শয়তান থাকে না। সেখানে আমরা ঘৃণা প্রদর্শন করি। আসামির এরূপ বক্তব্য রাষ্ট্রধর্ম ইসলাম সম্পর্কে মনগড়া ব্যাখ্যা দিয়া বিভিন্ন মিথ্যা কাহিনী সৃষ্টি করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে।
জেএ/ইএ/এমকেএইচ


