ধূমকেতু নিউজ ডেস্ক : র্যাবে অভিযানে বিপুল অর্থ, অস্ত্র, স্বর্ণসহ গ্রেফতার মনির হোসেনের (গোল্ডেন মনির) অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
মঙ্গলবার সকালে কমিশনের উপ-পরিচালক সামছুল আলম ও সহকারী পরিচালক মামুন চৌধুরী দুইজনকে জিজ্ঞাসাবাদ করেন বলে জানায় দুদকের পরিচালক (জনসংসোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
জানা গেছে, রাজউকের সিবিএ নেতা আবদুল জলিল, নিম্নমান সহকারী ও সিবিএ’র সাবেক নেতা মো. ওবায়দুল্লাহ হককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর উচ্চমান সহকারী ও রাজউক শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুল মালেককে তলব করা হলেও দুদকে উপস্থিত হননি তিনি।
জিজ্ঞাসাবাদের বিষয়ে দুদকের উপ-পরিচালক শামসুল আলম জানান, অনুসন্ধানের অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর বেশি কিছু এই মুহূর্তে বলতে চাই না।
১ ডিসেম্বর দুদক উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. সামছুল আলম স্বাক্ষরিত নোটিশে তিনজনকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়।
রাজউকের পরিচালক শেখ শাহিনুল ইসলাম ও গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসুকে আগামী ৯ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য ওই নোটিশেই হাজির হতে বলা হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ওরফে সোনা শফিক ও ডিএনসিসির সাবেক কমিশনার বিএনপি নেতা এমএ কাইয়ুমকে ১০ ডিসেম্বর হাজির হতে বলা হয়েছে।
গত ২০ নভেম্বর রাজধানীর মেরুল বাড্ডা থেকে অবৈধ অস্ত্র ও মাদকসহ ব্যবসায়ী গোল্ডেন মনিরকে গ্রেফতার র্যাব। গত ২৬ নভেম্বর গোল্ডেন মনির ও তার স্ত্রী রওশন আক্তারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠায় দুদক। দুদক পরিচালক আকতার হোসেন আজাদের স্বাক্ষরে পাঠানো নোটিশে তাদের ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়।
এই অনুসন্ধান ছাড়াও আট বছর আগে মনিরের অবৈধভাবে অর্জিত এক কোটি ৬১ লাখ টাকার সম্পদ মা ও স্ত্রীর নামে দেওয়ার অভিযোগে একটি মামলাও করেছে দুদক।


