ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় রাইসা খাতুন (৫) নামের এক শিশুকে বিষক্ত খাবার খাইয়ে হত্যার অভিযোগ জেঠিমার (বড়মা) বিরুদ্ধে। তবে বিষয়টি ধামাচাপা দিতে তড়িঘড়ি করে দাফন করা হয়। তবে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে জেঠিমার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে পুলিশ ময়না তদন্ত সম্পন্ন করতে লাশ উত্তোলনের জন্য আদালতে আবেদন করেছেন।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের খলিশাকুড়ি গ্রামে।
রাইসার মা রুবিনা বেগম বলেন, আমার প্রথমে বিয়ে হয় গোদাগাড়ী উপজেলা সদরে। সেখানে স্বামির সাথে বনিবনা না হওয়ায় আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তবে মেয়েটি আমার প্রথম স্বামির পক্ষের। এরপর খলিশাকুড়ি গ্রামের শাজাহান আলীর সাথে গত তিন বছর আগে আমার দ্বিতীয় বিয়ে হয়। আর রাইসা আমার সাথে দ্বিতীয় স্বামির পরিবারেই থাকতো।
তিনি বলেন, দীঘদিন থেকে ভাসুর আব্দুস সালাম ও জা ফরিদা বেগমের সাথে পারিবারিক করাহোল চলছিল। তার প্রতিশোধ নিতে গত মঙ্গলবার আমার শিশু মেয়েটির খাবারের সাথে বিষ মিশিয়ে দেয়। পরে তাকে মূমূর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বুধবার মারা যায়। মারা যাওয়ার পর মেয়ের পিতা (প্রথম স্বামি) তার লাশ ওই এলাকায় দাফন করেন। কিন্তু আমি মেয়ে হত্যার বিচার চাই। আর সে জন্য আমার জায়ের বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় থানায় হত্যা মামলা দায়ের করেছি।
এ ব্যাপারে পুঠিয়া থানার ওসি সোহরাওয়াদী হোসেন বলেন, শিশুটির মা অভিযোগ করেছেন তাকে বিষাক্ত কিছু খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা বৃহস্পতিবার সকালে আদালতে লাশ উত্তোলনের জন্য আবেদন করেছি। অনুমতি পেলেই লাশের ময়না তদন্তের জন্য উত্তোলন করা হবে।


