ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় মোটরসাইকেলের ধাক্কায় ফাতেমা বেগম (৮০) নামের এক বৃদ্ধ নারি নিহত হয়েছে। ফাতেমা বেগম দেবোত্তর-বিনোদপুর গ্রামের মৃত মখসেদ আলীর স্ত্রী।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটার দিকে জোতনাশি জমসেদের মোড়ে এই ঘটনা ঘটেছে।
জানা যায়, বৃদ্ধা ফাতেমা বেগম দুপুরে পাকুড়িয়া ইউনিয়নের জোতনাশি জমসেদের মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় যুবকের বেপরোয়াভাবে চালানো এক মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিঁটকে পড়ে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানকার চিকিৎসক নুর উস সাবহা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বৃদ্ধার মেয়ে জামাই জালাল উদ্দিন বলেন, ঘটনার পর মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চালক। তাৎক্ষনিক তার নাম ঠিকানা জানা যায়নি।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি জানার পর একজন পুলিশ অফিসারকে পাঠানো হয়েছিল। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।


