ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি আঞ্চলিক সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে।এ সময় ডাকাতদল একটি চাজার্র অটোভ্যানের যাত্রীদের গাছের সাথে বেঁধে টাকা পয়সা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে । মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে বলে স্থাণীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ।
স্থাণীয়রা জানান, রহনপুর- আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর বাজারের কাছে ৯ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জগত গ্রাম থেকে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আঝইরগামীএকটি চাজার্র অটোভ্যানের গতিরোধ করে হাঁসুয়া, কাতাসহ দেশীয় ধারালো অস্ত্রের মুখে যাত্রীদের গাছের সাথে বেঁধে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও স্বর্নালংকার এবং অটোভ্যানটি কেড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থাণীয়রা জানতে পেরে যাত্রীদের উদ্ধার করে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান; খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কতৃপক্ষসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে ।
এদিকে, পুলিশ সুপার রেজাউল করিম জানান, এটি ডাকাতির ঘটনা নয়। তিনি আরও জানান, কিছু কিশোর গ্যাংয়ের সদস্যরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।তাদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।


