ধূমকেতু নিউজ ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় আংশিক যুদ্ধবিরতির প্রথম দিনে জাতিসংঘ এবং সহায়তা সংস্থাগুলো ১২০টিরও বেশি ট্রাক ভর্তি খাদ্য সহায়তা বিতরণ করেছে বলে দাবি করেছে ইসরায়েল।আজ সোমবার ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক বিষয় তত্ত্বাবধানকারী ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কো-অর্ডিনেটর অব গভার্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটোরিস (কোগ্যাট) জানায়, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো ১২০ ট্রাকেরও বেশি ত্রাণ সংগ্রহ এবং বিতরণ করেছে।
গতকাল রবিবার, ইসরায়েল গাজার কিছু এলাকায় সামরিক হামলা ‘কৌশলগত’ বিরতি ঘোষণা করেছে এবং ত্রাণের জন্য নিরাপদ রুট খোলার প্রতিশ্রুতি দিয়েছে এবং মানবিক গোষ্ঠীগুলোকে খাদ্য বিতরণ বাড়ানোর আহ্বান জানিয়েছে। গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে কিছু এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টা হামলা না চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল।
তবে এই ঘোষণার পরেও গাজাজুড়ে আগ্রাসন চালিয়েছে দখলদার বাহিনী। নতুন করে ইসরায়েলের সামরিক বাহিনী কমপক্ষে ৬৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। কিন্তু ‘মানবিক বিরতির’ প্রথম দিনের কয়েক ঘন্টা পরেই ইসরায়েলি বিমান হামলা শুরু করে। দেইর এল-বালাহ থেকে আল জাজিরার হিন্দ খোদারি জানিয়েছেন, গাজা সিটিতে বিমান হামলা চালানো হয়েছে এবং এটি এমন একটি এলাকা যাকে নিরাপদ এলাকা হিসেবে মনোনীত করা হয়েছিল।


