ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার খাঁড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী মাহিন্দ্রা ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত এবং ৫জন আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খাঁড়ইল মিলঘর এলাকায় দ্রুতগতিতে চলাচলরত একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. মারুফ হোসেন (৩৭)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২জনে। আহত ৫জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে মোহনপুর থানা পুলিশের এসআই ইয়ামিন আলী ও এসআই শিপনের নের্তৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার কাজে অংশ নিয়ে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
নিহত মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করে মোহনপুর থানায় নেওয়া হয়েছে। অপর নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মোহনপুর থানার এসআই ইয়ামিন আলী বলেন, “দুর্ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।



