ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে আমেরিকান সাহায্য সংস্থা ‘ইকো’। বৃহস্পতিবার দুপুরে সংস্থাটির উদ্যোগে রাজশাহী শহর ও গোদাগাড়ীতে চার শতাধিক শিশু ও অসহায় মানুষের মাঝে উন্নতমানের দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। তিনটি এতিমখানা, ছোটমনি নিবাস এবং গোদাগাড়ীর একটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ খাদ্য সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রায় সাড়ে চারশ মানুষ খাবার পান।
খাবার বিতরণের সময় সুবিধাভোগী শিশুদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘদিন ভালো মানের খাবার খেতে না পারা এক প্রতিবন্ধী ও এক এতিম শিশু ইকোর এই উদ্যোগকে তাদের জন্য বিশেষ উপহার হিসেবে উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের মেম্বার ফারুক হোসেন, বিশিষ্ট সমাজসেবক নিশানুর রহমান এবং ‘ওয়ে টু জান্নাহ’র প্রতিষ্ঠাতা ইব্রাহিম আবিদ।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া শিশু ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ইকোর মতো সংগঠনগুলোর মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে শিশু ও সমাজকল্যাণে আরও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। প্রোগ্রামটি বাস্তবায়ন করেছে সহযোগি সংস্থা আমান।


