ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এ ডিবেটিং সোসাইটির আয়োজিত ১ম আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটের ফাইনাল পর্বে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্যানোরামা ভবনে আয়োজিত প্রতিযোগিতায় সরকার পক্ষে অবস্থান করে সিই বিভাগ এবং বিপক্ষে অবস্থান করে আইন ও বিচার বিভাগ। যুক্তি-তর্ক উপস্থাপনের মাধ্যমে বিপক্ষ দল আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করে। বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী রেজয়ানা করিম তারিন।
উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের উচ্চ-আয়ের অর্থনীতিতে উত্তরণ, উচ্চশিক্ষায় গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের ওপর অধিক নির্ভরশীল বিষয়ে পক্ষে বিপক্ষে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। প্রধান অতিথি বলেন, “এই প্রতিযোগিতার মাধ্যেমে সার্টিফিকেট বা ক্রেস্ট পাওয়াটা মূল উদ্দেশ্য নয়। বরং এর মাধ্যেমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলী, বিশ্লেষণী দক্ষতা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা, সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাবাসুম নুসরাত ইকরার উপস্থাপনায় বক্তব্য রাখেন ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক আহমেদ ইউসুফ আয়াতুল্লাহ। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ডেপুটি রেজিস্ট্রার এডমিন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অবঃ), বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীগণ।



