ধূমকেতু প্রতিবেদক : ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, আমাদের আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। একদিন তারাই দেশের নেতৃত্ব দেবে। সরকার এই শিক্ষাখাতকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে। এই প্রতিষ্ঠান শুধু এসএসসি পর্যন্ত রয়েছে। আগামী দিনেই একাদশ ও দ্বাদশ শ্রেণী চালু করা যায় কিনা সেই ব্যাপারে আপনারা উদ্যোগ নেন। যত ধরনের সহযোগিতা লাগবে তা করা হবে।
আজ শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয় তলা ভিত বিশিষ্ট ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। শিক্ষার উন্নয়নে এই সরকার বদ্ধপরিকর। এজন্য যা যা প্রয়োজন তাই করবে সরকার।
তিনি আরো বলেন, স্কুলের সঙ্গে খেলার মাঠগুলো অবশ্যই ভালো থাকতে হবে। যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে পারে।
আগের উন্নয়ন যদি কেউ করে থাকে তাহলে অবশ্যই আপনারা তা মুছে ফেলবেন না। এটি করা যাবে না। যার যা সম্মান প্রাপ্য তা তাকে দিতে হবে।
এ সময় তিনি আরো বলেন, রাজশাহীর বিমানবন্দর সম্প্রসারণ করে বিদেশে দেশি মাছ রপ্তানি করা যায় কিনা সে বিষয়েও কাজ করা হবে । অনেকেই আন্তর্জাতিক বিমানবন্দরের দাবি তুলছেন, সেটি করার জন্য পর্যাপ্ত জায়গা এবং লোকবল লাগবে। আপাতত এখান থেকে কারগো বিমান চালু করা যায় কিনা সে বিষয়টি দেখা হচ্ছে।
প্রসঙ্গত,রাজশাহী শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় ও হেলেনাবাদ সরকারি গার্লস স্কুলে প্রকৌশল অধিদপ্তর (EED), রাজশাহীর নির্মাণ তত্ত্বাবধানে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে সফলভাবে ভবনটির নির্মাণকাজ শতভাগ সম্পন্ন হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের “সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন” (Development of Govt. Secondary Schools) শীর্ষক প্রকল্পের আওতায় এই ভবনটি নির্মাণ করা হয়। পয়ঃনিষ্কাশন, পানি সরবরাহ এবং বৈদ্যুতিক কাজসহ ৬-তলা ভিত্তি বিশিষ্ট ৬-তলা এই ভবনটির পেছনে মোট দরপত্র মূল্য বা ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯,৩১,০৩,২০০ (নয় কোটি একত্রিশ লাখ তিন হাজার দুইশত) টাকা।
২০২৩-২০২৪ অর্থ বছরের এই প্রকল্পের কার্যাদেশ প্রদান করা হয় ২০ মে ২০২৪ খ্রিস্টাব্দে। ভবনটির নির্মাণকাজ ২১ (একুশ) মাস মেয়াদের মধ্যে সম্পন্ন হয়েছে।
নতুন এই ৬-তলা ভবন ও আধুনিক সুবিধাসমূহ চালুর ফলে শ্রেণিকক্ষ সংকট দূর হবে এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এরশাদ আলী ঈশা ও রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকারসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।



