ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : ” আজকের কাব, আগামীর নেতৃত্ব’-এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটসের ছয় দিন ব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুর বারোটায় রাণী ভবানী রাজবাড়ি চত্বরে ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
অনুষ্ঠানের উদ্বোধন করে জাতীয় সংসদের হুইপ বলেন, স্কাউট আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠছে। নিজেদের সুন্দর করা এবং পরিবেশকে সুন্দর করতে তারা কাজ করে যাচ্ছে। আগামীতে তারাই দেশের নেতৃত্বে আসীন হবে।
হুইপ আরো বলেন, অস্থির পৃথিবীতে সারা বিশ্বের ছয় কোটি স্কাউটস সদস্যরা নিরলসভাবে মানবতার সেবায় নিয়োজিত আছে। তাদের এই অসামান্য অবদান আগামীতে ব্যাপকভাবে মূল্যায়ন করা হবে বলে আমি বিশ্বাস করি।
রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু সালেহ মোঃ মহিউদ্দিন খাঁ নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং রাজশাহী আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস, ( প্রোগ্রাম) যুগ্ম নির্বাহী পরিচালক আবুল হাসনাত মোঃ মুহসিনুল ইসলাম, নাটোর জেলা পরিষদের প্রশাসক মোঃ রহিম নেওয়াজ, রাজশাহী প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম, ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী ২০২৬ এর প্রোগ্রাম চিফ মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ, পাবনা উপ-পরিচালক ও বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উপ- কমিটির সদস্য সচিব মোঃ জামাল উদ্দীন, বাংলাদেশ স্কাউটসের পরিচালক (প্রোগ্রাম)মোছাঃ মাহফুজা পারভীন, সহকারী পরিচালক (প্রোগ্রাম)মোহাম্মদ আবু সাঈদ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ -কমিশনার ও জনসংযোগ ও মার্কেটিং ও মিডিয়া এন্ড পাবলিকেশন উপ – কমিটির আহবায়ক মোঃ মাছুম বিল্লাহ মাহী, সহ খাদ্য, আবাসন, মানবসম্পদ, সাজসজ্জা, মিডিয়া ও পাবলিকেশনসহ ক্যাম্পুরীর সকল বিভাগের সমন্বয়ক, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি কাব সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। কাব সদস্যদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে।উল্লেখ্য, রাজশাহী বিভাগের আটটি জেলা ও একটি মেট্রোপলিটনসহ মোট ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা সহযোগে দুই হাজার ২০০ জন ক্যাম্পুরীতে অংশগ্রহন করছেন।
ক্যাম্পুরী আগামী ৪ঠা নভেম্বর শেষ হবে।ক্যাম্পুরীতে শিশুদের মধ্যে নেতৃত্বে গুণাবলী, শৃংখলা, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও সেবার মানসিকতা বিকাশের লক্ষ্যে ক্যাম্পুরী ১২টি উচ্ছ্বাস ও পাঁচটি উৎসবে আয়োজন করা হয়েছে।



