ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হারে নজিরবিহীন ভাবে নিম্ন দেখা গেছে। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা কয়েক বছর এ বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ঈর্ষণীয় ও ঊর্ধ্বমুখী থাকলেও ২০২৬ সালে এসে তা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে বোর্ডে সামগ্রিক ধসের মধ্যেও অতীতের ঐতিহ্য ধরে রেখেছে ঐতিহ্যকাহি রাজশাহী ক্যাডেট কলেজ শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ অর্জনের অনন্য সাফল্য ধরে রাখতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার দুপুরে বোর্ডের প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, ২০২১ সালে করোনা-পরবর্তী সংক্ষিপ্ত সিলেবাস ও বিশেষ মূল্যায়নে রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৯৭.২৯ শতাংশ। পরবর্তীতে ২০২২ সালে ৮১.৬০%, ২০২৩ সালে ৭৮.৪৬%, ২০২৪ সালে ৮১.২৪% এবং ২০২৫ সালেও পাসের হার ছিল ৫৯.৪০ শতাংশ। দীর্ঘ এই কয়েক বছর ধরে রাজশাহী শিক্ষা বোর্ড দেশের শীর্ষস্থানীয় পাসের হারের খেতাব ধরে রেখেছিল। কিন্তু ২০২৬ সালের অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলে পাসের হার নেমে এসেছে মাত্র ৪৫.০৬ শতাংশে। যা গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন।
তবে শনিবারে বোর্ডের ফলাফলের বিপরীতে উল্টো চিত্র দেখা গেছে রাজশাহী ক্যাডেট কলেজে। প্রতিবারের মতো এবারও প্রতিষ্ঠানটির শতভাগ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। কলেজের ধারাবাহিক এই সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক, অভিভাবক ও ক্যাডেটরা।
রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক বলেন, রাজশাহী ক্যাডেট কলেজের ভালো ফলের গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। এখানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে মৌলিক সামরিক প্রশিক্ষণ ও খেলাধুলার চর্চা করানো হয়।
এ ছাড়া সৃজনশীলতা বাড়াতে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ রয়েছে। ক্যাডেট কলেজ গুলো শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিক চরিত্রের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সবার দোয়া কামনা করেন তিনি।



