ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : যেখানে গত বছর এই সময়ে বিকেল বেলায় হিমেল হাওয়া আর ঠান্ডা বাতাসে পাড়া মহল্লায় হাটবাজারে জমে উঠেছিল চায়ের আড্ডা। ভোর হলেই দেখা যেত ঘন কুয়াশা। এবার সম্পূর্ণ ব্যতিক্রম দেখা যাচ্ছে। কার্তিক মাস শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। কিন্তু সিরাজগঞ্জের রায়গঞ্জে এখনও শীতের দেখা নেই। সকালের হালকা শীতল ভাবটুকু ছাড়া সারাদিন জুড়ে গরম আর ভ্যাপসা ভাবই টের পাচ্ছেন সাধারণ মানুষ।
গতকাল মঙ্গলবার সারাদিন তাপমাত্রা কিছুটা কম থাকলেও আকাশ জুড়ে ছিল উজ্জ্বল রোদ। তাপমাত্রাও ছিল প্রায় ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া পূর্বাশে জানা যায়, দিনের তাপমাত্রা ২৮ থেকে ২৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে, আর রাতের তাপমাত্রা থাকতে পারে ১৮ থেকে ২১ ডিগ্রির মধ্যে।সাধারণত এই সময়ে ভোরে হালকা কুয়াশা আর শীতল হাওয়া শীতের আগমনী বার্তা দেয়। এবার সেই চিত্রটা অনেকটাই অনুপস্থিত। ভোরে কিছুটা ঠান্ডা লাগলেও বেলা বাড়তেই রোদের তেজ বাড়ছে। দুপুরের দিকে ফ্যান ছাড়া থাকা মুশকিল হয়ে পড়ছে অনেক বাড়িতেই। এদিকে শীত তেমন না পড়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শীতের পোশাকের বাজারে।
রায়গঞ্জের বাজারগুলোতে সোয়েটার, চাদর, জ্যাকেট সাজিয়ে বসলেও ক্রেতার দেখা মিলছে কম। দোকানিদের বক্তব্য, গত বছর এই সময়ে টুকটাক বেচাকেনা শুরু হয়ে গিয়েছিল। এবার মানুষ শুধু দেখে দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছেন। একই অবস্থা লেপ-কম্বলের দোকানেও। অনেকেই বলছেন, শীত জাঁকিয়ে না পড়লে এখনই শীতের জিনিস কিনে লাভ নেই। উপজেলার বেশ কয়েকজন কৃষকের সাথে কথা কত হলে তারা জানান, শীতের দেরি নিয়ে চিন্তায় আছেন কৃষকেরাও।
এই সময়ে আলু, সরষে, সবজির মতো রবি ফসলের চাষ শুরু হয়। অতিরিক্ত গরম আর আর্দ্রতা ফসলের জন্য ভালো নয় বলে মনে করছেন অনেক চাষি। তবে এ মাসের শেষের দিকে শীত পড়বে বলে আশা করছেন উপজেলার সাধারণ মানুষেরা।



